ভুয়া চিকিৎসকসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ভৈরবে

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৮:০৮ এএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আবুল কালাম আজাদ নামে এক ভুয়া চিকিৎসকসহ ৪ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের একটি টিম নিয়ে শহরের আইস কোম্পানি বেকারি, ফুলকলি, রিয়াজ ফার্মেসি ও মোস্তফা ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে পচা ডিম থাকার অভিযোগে বঙ্গবন্ধু সরণির আইস কোম্পানি বেকারিকে ১০ হাজার টাকা, মাইকপট্টির ফুলকলি বেকারিতে অনুমোদনহীন পণ্য থাকার দায়ে ২০ হাজার, সরকারি কেবি পাইলট হাইস্কুলের সামনের রিয়াজ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ হাজার এবং পৌরসভার সামনের মোস্তফা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোস্তফা ফার্মেসিতে বসে এলএমএফ (পল্লী চিকিৎসক) প্রশিক্ষণপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওরফে এ. কে আজাদ নামের এক ব্যক্তি নিজেকে চর্ম, যৌন, অ্যালার্জিসহ সব রোগের বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে রোগী দেখায় তাকে আটক করা হয়।

এ সময় তিনি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে ৫০ হাজার টাকা, অনাদায়ে দুই মাসের কারাদ-ের আদেশ দেয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, ভৈরব উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. রুহুল আমিন, পৌর স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম, ভৈরব ওষুধ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি চন্দন কুমার দাস, সাধারণ সম্পাদক আক্রাম হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত