বিদেশ থেকে কাইয়ুম বললেন বিএনপির নিষ্ক্রিয়দের বাদ দিতে

আপডেট : ২৭ জুলাই ২০২০, ১২:৩৩ এএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম। দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান করছেন। সেখান থেকেই দলের ওপর নিয়ন্ত্রণ রাখেন বলে জানা গেছে। এবার তিনি বাদ দিতে বললেন 'নিষ্ক্রিয়' নেতাকর্মীদের। 

শনিবার  ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত  ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে জুম আলট্রার মাধ্যমে এ আলোচনা সভা হয় বলে বিএনপির ঢাকা উত্তরের নেতরা জানান। 

এ সময় উত্তর বিএনপির নেতাদের উদ্দেশ্যে এম এ কাইয়ুম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করোনা মহামারীর সময় নেতাকর্মীদের সাধারণ জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরপরও কমিটিতে থেকে দলের দুঃসময়ে যারা কাজ করে না তাদের বাদ দিয়ে যারা দলের পক্ষে কাজ করে তাদের পদপদবী দিয়ে দলকে শক্তিশালী করতে হবে। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলীম নকীসহ ২৬ থানার সভাপতি, সাধারণ সম্পাদক ও ৫৬ ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতীদল, ছাত্রদলের উত্তর পশ্চিমের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 

আব্দুল কাইয়ুম মহানগর উত্তর বিএনপির থানা ও ওয়ার্ড কমিটির কোনো সাংগঠনিক দূর্বলতা আছে কিনা তা জানতে চান।  এ সময় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত পেশ করেন।

গুলশানে ইটালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার আসামী হওয়ার পর থেকে বিদেশে বসেই ঢাকা মহানগর রাজনীতি নিয়ন্ত্রণ করছেন কাইয়ুম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত