দেবী দুর্গাকে অবমাননা করে ক্ষমা চাইলেন নেতানিয়াহুর ছেলে

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৪:৩৯ পিএম

হিন্দু ধর্মালম্বীদের দেবী দুর্গাকে অবমাননা করায় ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ইসরায়েলি প্রসিকিউটের সমালোচনা করে এক টুইটে দুর্গার ছবি ব্যবহার করেন বড় ছেলে ইয়ায়ির নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ইয়ায়ির এবং বাবার রাজনৈতিক আদর্শ ও নীতির প্রচারণা চালান তিনি।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসিকিউটর লিয়াত বেন আরির সমালোচনায় নামেন ২৯ বছর বয়সী ইয়ায়ির। 

প্রসিকিউটর লিয়াতের মুখে হিন্দুদের দেবী দুর্গার ছবি বসিয়ে টুইট করেন নেতানিয়াহু-পুত্র।    

এ ঘটনায় হিন্দু ধর্মালম্বী ফলোয়াররা তার উপর ক্ষুব্ধ হন। এতে দুর্গাকে অবমাননা করা হয়েছে বলে ইয়ায়িরের সমালোচনা করেন তারা।

এরপর ভারতীয় 'বন্ধুদের' কাছে ক্ষমা চান ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছেলে। তিনি বলেন, ইসরায়েলের একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনা করে টুইটারে এক বিদ্রুপাত্মক ছবি দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে, এটি হিন্দু বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। 

তিনি বলেন, আমার ভারতীয় বন্ধুদের কমেন্টে বিষয়টি নজরে আসলে ওই টুইট আমি মুছে দিয়েছি। এর জন্য আমি ক্ষমা চাই।

প্রসঙ্গত, নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ আদান প্রদান ও আর্থিক ক্যালেঙ্কারির অভিযোগ আনা হয়েছে।জেরুজালেমের একটি আদালতে এর বিচার কার্যক্রম চলছে। যদিও এ অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত