ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৯:৩২ পিএম

চট্টগ্রামে বিভিন্ন ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাইকারী চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এদের মধ্যে দুইজন কিশোরও রয়েছে।

র‌্যাব জানিয়েছে, নগরীর ফ্লাইওভারে সুতা বেঁধে অভিনব কায়দায় ছিনতাই করতো এই চক্রটি। মঙ্গলবার নগরীর আকবরশাহ থানার সাহেরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছয়জনের মধ্যে দুইজন বয়সে কিশোর। বাকি চারজন হলো- জাকির হোসেন (৩২), মো. সুমন (১৯), দেলোয়ার হোসেন (১৯) ও মো. হাসান আকাশ (১৯)।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, এরা নগরীর ফ্লাইওভারগুলোতে এক পাশ থেকে অন্যপাশ সুতা বেঁধে দিয়ে ছিনতাই করে। এরা দলবদ্ধভাবে অবস্থান নিয়ে ফ্লাইওভারে দুইপাশে সুতা বেঁধে মোটরসাইকেল আরোহীদের ফেলে দেওয়ার জন্য উৎপেতে থাকে। পরে মোটরসাইকেল আরোহী সুতায় আটকে পড়ে গেলে সহযোগিতার ভান করে কাছে গিয়ে ছোরা ঠেকিয়ে টাকা মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। 

তিনি আরও বলেন, এই সুতা বেঁধে রাখায় গত কয়েকমাসে অনেক মোটরসাইকেল আরোহীর গলায় ও ঘাড় কেটে রক্তাক্ত হয়েছে। কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ পাওয়ায় অভিযানে নামে র‌্যাব সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তাদের কাছ থেকে ৪ টি ছোরা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে দীর্ঘদিন যাবত নগরীর বিভিন্ন ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই করে আসছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত