রামুতে পিকআপের ধাক্কায় কলেজশিক্ষকসহ নিহত ২

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৯:৩৮ এএম

কক্সবাজারের রামুতে মাছবোঝাই পিকআপভ্যানের ধাক্কায় শফিউল আলম (৫৫) ও মাহবুব সিকদার (৫৬) নামের দুইজন পথচারী নিহত হয়েছেন।

বুধবার ভোর ৬টায় উপজেলার জোয়ারিয়ানালা বাজারের উত্তর পাশে কালা মিয়া বাজার আরকান সড়কের পাশে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শফিউল আলম কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ও জোয়ারিয়ানালা ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে। অপরজন একই এলাকার মৃত নুর আহমদ সিকদারের ছেলে।

রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং পুলিশের ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন মুসল্লিরা। এ সময় টেকনাফ ও উখিয়ামুখী মাছবোঝাই একটি পিকআপভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে একজন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি হলেন জোয়ারিয়া নালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বোরহান উদ্দীন। তিনি একই এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে।

ওসি জানান, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত