দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় শতাধিক যানবাহন

আপডেট : ৩০ জুলাই ২০২০, ১১:৩২ এএম

গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এতে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যাই বেশি। তবে পশুবাহী কোনো ট্রাক নদী পারের জন্য অপেক্ষা করতে দেখা যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে প্রায় দেড় কিলোমিটার সড়কে দেড় শতাধিক যানবাহন নদী পারের জন্য অপেক্ষা করছে।

এর ফলে তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে। তবে পশুবাহী ট্রাকের দেখা মেলেনি। মাঝে মাঝে দুই একটা পশুবাহী ট্রাক আসছে, তবে সেগুলো রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে ভিআইপিভাবে নদী পার হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদে ঘরমুখো মানুষকে নদী পার করার জন্য বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে।

এর মধ্যে ৮টি বড়, ১টি ছোট ও ৬টি মাঝারি। দৌলতদিয়ার ৪টি পল্টুনই এখন সচল রয়েছে। পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরিগুলো ঘাটে আসতে সময় লাগছে দ্বিগুণ। যে কারণে ঘাট এলাকায় যানবাহনের সারি তৈরি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত