ঈদের নামাজ আদায় শেষে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাব্বির মুন্সী (২০) নামে এক যুবক।
শনিবার দুপুর ১২টার দিকে নড়াইল জেলার কালিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির কালিয়া পৌরসভার চানপুর গ্রামের ইয়ানুর মুন্সীর ছেলে।
স্থানীয় পৌর কাউন্সিলর শেখ ফসিয়ার রহমান জানান, ঈদের নামাজ শেষে সাব্বির তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন।
পৌরসভার বাস টার্মিনালের পশ্চিম পাশে পৌঁছালে দুর্ঘটনায় সাব্বির ও তার বন্ধু ইসমাইল (১৯) দুজনই গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সাবিবরের মৃত্যু হয়। গুরুত আহত ইসমাইলের চিকিৎসা চলছে।
জানা গেছে, নিহত সাব্বিরের বাবা ইসানুর মুন্সী কালিয়া সরকারি পাইলট স্কুলের নৈশপ্রহরীর চাকরি করেন। সাব্বিরের মৃত্যুতে তার পরিবার ও আত্মীয় স্বজনসহ প্রতিবেশীদের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে।
