কুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ০৩:১০ পিএম

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কভিড-১৯ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার সকাল পর‌্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই পুরুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সোমবার সকাল সাতটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৬৯ বছর বয়সী এক বৃদ্ধ, আইসোলেশন ওয়ার্ডে রবিবার রাত ১০টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, ওই হাসপাতালে এখন ভর্তি ১১৯ জন। তাদের মধ্যে ৮৯ জন পুরুষ ও ৩০ জন নারী। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ৪২ জন, করোনাভাইরাস ওয়ার্ডে ৬০ জন এবং আইসিইউতে ১৭ জন রয়েছেন। নারীদের মধ্যে আটজন আইসোলেশনে, ১৬ জন করোনাভাইরাস ওয়ার্ডে এবং ছয়জন আইসিইউতে ভর্তি আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত