জামিন পেলেন বেগম রোকেয়ার শিক্ষক সিরাজাম মুনিরা

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৬:৪১ পিএম

আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেইসবুকে বিরূপ মন্তব্য করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজাম মুনিরাকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে তার জামিন হয়েছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাংগীর আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম বলেন, নারী এবং শিক্ষক বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন। আদালত আরও বলেছেন, যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাই তার আরও দায়িত্ব নিয়ে কথা বলা উচিৎ এবং ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে।

তবে সিরাজাম মুনিরাকে কতদিনের বা কোনো শর্তে জামিন দিয়েছেন কিনা সে বিষয়ে আদালত কিছু বলেননি বলে জানান এই সহকারী অ্যাটর্নি জেনারেল। 

প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শিক্ষিকা সিরাজাম মুনিরা ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছেন, এমন অভিযোগে গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। 

সিরাজাম মুনিরা বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের প্রভাষক। ছাত্রজীবনে তিনি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন। মামলা হওয়ার পর ওইদিন রাতেই রংপুর শহরের সরদারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গত ১৮ জুন ওই শিক্ষকের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

তার আগের দিন এই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত