হিন্দু পরিবারের সম্পত্তিতে ছেলে-মেয়ের সমান অধিকার: ভারতীয় সুপ্রিম কোর্ট

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০২:৫২ পিএম

হিন্দু পরিবারের সম্পত্তিতে মেয়েদের অধিকারের স্বীকৃতি দিল ভারতীয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত জানায়, বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়েদের সমানাধিকার থাকবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেয়। ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকারী (সংশোধিত) আইন মোতাবেক, অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ সম্পত্তিতে ছেলেদের যা অধিকার, মেয়েরাও সেই অধিকার ভোগ করবেন।

বাবা যদি সেই সংশোধনী প্রণয়নের আগে মারা যান, তাহলেও ছেলে-মেয়ের সমানাধিকার প্রযোজ্য হবে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সুপ্রিম কোর্টের এই ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগে একাধিক মামলায় শীর্ষ আদালত রায় দিয়েছিল, ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর যদি বাবা ও মেয়ে দু'জনেই জীবিত থাকেন, তবেই বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে। সে দিন সংশোধিত হিন্দু উত্তরাধিকারী আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

শুধু তাই নয়, সংশোধিত আইনের আগে যদি মেয়ে মারা যান, তাহলে তার সন্তান সেই সম্পত্তির অধিকার ভোগ করতে পারবেন। রায়দানের শেষে বিচারপতি অরুণ মিশ্র বলেন, “একবার যে মেয়ে হয়, সে সারা জীবনের মেয়ে হয়।”

পাশাপাশি, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় যে মামলাগুলো বিভিন্ন আদালতে পড়ে আছে, সেগুলো ছয় মাসের মধ্যে মিটিয়ে দেওয়ারও নির্দেশ দেয় শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত