ধর্ষণের পর চোখ উপড়ে, জিভ কেটে নৃশংসভাবে খুন কিশোরীকে

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১০:৫৯ এএম

মাত্র ১৩ বছর বয়সী মেয়েটির ওপর এমন নিষ্ঠুরতা। ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। প্রমাণ লোপাট করতে চোখ উপড়ে, জিভ কেটে নৃশংসভাবে খুন করা হয় নির্যাতিতাকে।

ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় নির্মম এ ঘটনা ঘটেছে। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

সংবাদ প্রতিদিন জানায়, লখনউ থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে নেপাল সীমান্তের কাছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এ রোমহর্ষক ঘটনা ঘটে। শনিবার একটি আখের খেতে পাওয়া যায় কিশোরীর মৃতদেহ। গলায় ওড়নার ফাঁস জড়ানো, চোখ ওপড়ানো, জিভ কাটা অবস্থায় ছিল লাশটি।

কিশোরীর বাবা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে মেয়ে নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। এরপর শনিবার বাড়ির অদূরে একজনের আখের খেত থেকে উদ্ধার হয় তার দেহ।

তার অভিযোগ, মেয়ের ওপর যৌন নির্যাতনের পর গলায় ফাঁস লাগিয়ে প্রথমে খুনের পর চোখ উপড়ে, জিভ কেটে নেওয়া হয়েছে।

মেয়ের এমন পরিণতি দেখে কার্যত দিশেহারা পরিবারের সদস্যরা। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশকর্তা জানিয়েছেন, মৃতদেহের ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ মিলেছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, খুন ছাড়াও জাতীয় সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে উত্তরপ্রদেশের বিরোধী রাজনৈতিক মহলে। বিএসপি নেত্রী মায়াবতী টুইট করে যোগী আমলে রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত