বিধ্বংসী ধোনির গুরুত্বপূর্ণ ৫ ইনিংস

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৪:৩৯ পিএম

ষোলো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তারকা এই ক্রিকেটারের হাত ধরে সাফল্যের সবই পেয়েছে ভারত; টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ সবই।

তবে ধোনির ওয়ানডে ক্যারিয়ারটা বেশি সমৃদ্ধ। ৩৫০টি ম্যাচ খেলা এই উইকেটকিপার-ব্যাটসম্যান এই ফরম্যাটে ১০ হাজারের বেশি রান করেছেন। রয়েছে ১০টি সেঞ্চুরি।

ধোনির ৯০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারও ঝলমলে। ছয়টি সেঞ্চুরি ও ৩৩টি অর্ধশতকসহ করেছেন ৪ হাজার ৮০০’র বেশি রান।

ক্যাপ্টেন কুলের অবসর নেওয়ার সময়টায় দেখে নিন তার গুরুত্বপূর্ণ ও ম্যাচ জেতানো সেরা পাঁচটি ইনিংস।

১২৩ বলে ১৪৮

২০০৫ সালের ৫ এপ্রিল বিশাখাপট্টনামে হওয়া ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মিডল অর্ডার থেকে আচমকা তিন নম্বরে ব্যাট করতে নেমে ১২৩ বলে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মাহি। ১৫টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ছিল তার ইনিংস।

উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ স্কোর

২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলেছিল ভারত। ওই ম্যাচে ১৪৫ বলে ১৮৩ রানের বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৫টি চার ও ১০টি ছক্কা দিয়ে সাজানো মাহির এই ইনিংস উইকেটরক্ষকদের মধ্যে বিশ্বে সর্বোচ্চ।

বিশ্বকাপের ফাইনাল

২০১১ সালের ২ এপ্রিল ভারতবাসীর কাছে গর্বের দিন। কারণ ওই দিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল জিতেছিল ভারত। ২৮ বছর পর ট্রফি ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। সৌজন্যে এমএস ধোনির ৭৯ বলে ৯১ রানের অপরাজিত ও অধিনায়কোচিত ইনিংস। আটটি চার ও ২টি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়া বধ

২০১৩ সালে পাঞ্জাবের মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলেছিল ভারত। ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। সেই সময় অধিনায়ক এমএস ধোনির ১২১ বলে ১৩৯ রানের ইনিংস ভারতের ম্যাচ জয়ে বড় ভূমিকা নিয়েছিল। ১২টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল মাহির ওই অপরাজিত ইনিংস।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬

২০০৭ সালের লর্ডস টেস্টে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার নাছোড় মানসিকতার জন্যই সেদিন স্যাঁতসেঁতে পরিবেশে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ড্র করতে পেরেছিল ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত