স্বাধীনতা বিরোধীরা ৭৫ সালে জাতির জনককে সপরিবারে হত্যা করে এ দেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও তার অবদানকে মুছে ফেলতে ছেয়েছিল। স্বাধীনতা বিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, এ দেশ থেকে এ দেশের জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শ কখনই মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। শুধু শোক দিবস পালন করলেই হবে না, শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
আলোচনা সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক ও পদাধিকার বলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল।
এ আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আবদুল হান্নান রঞ্জন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান খান, দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুর্নেন্দু বিকাশ পাল প্রমুখ।
