ইংল্যান্ডের কাছে সফর পাওনা পাকিস্তানের

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০১:৫০ এএম

ইংল্যান্ডের পাকিস্তানের চলমান সফরের ফিরতি সফর হওয়ার কথা ২০২২ সালে। পাকিস্তান পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম মনে করেন, সফরটি পাকিস্তানের প্রাপ্য। জো রুটদের অবশ্যই উচিত পাকিস্তানে যাওয়া।

করোনাভাইরাস পরিস্থিতির মাঝেও উইন্ডিজের পর পাকিস্তান ইংল্যান্ড সফর করছে বলে দুদলকেই ধন্যবাদ জানিয়েছে ইসিবি। এই ধন্যবাদ যেন পাকিস্তানও ২০২২-এ ইংল্যান্ডকে দিতে পারে সে ব্যবস্থা চান আকরাম। রুটদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘তোমাদের কাছ থেকে পাকিস্তান সিরিজ পাওনা থাকল। যেভাবে আজহার আলিরা পরিস্থিতি উপেক্ষা করে এই সিরিজে এসেছে সেভাবে তোমাদেরও পাকিস্তানকে ক্রিকেট উপহার দেওয়া উচিত। আজহাররা খুব কষ্ট করছে। প্রায় আড়াই মাস ধরে বদ্ধ পরিস্থিতিতে থাকছে তারা। তাই সব ঠিক রেখে ইংল্যান্ডের উচিত ফিরতি সিরিজে পাকিস্তানে আসা।’ আকরাম প্রতিশ্রুতি দিয়ে বলেন, পাকিস্তানে এমন পরিস্থিতি থাকবে না। সেখানে সিরিজ নিয়ে উৎসব হবে এবং প্রতি ম্যাচেই গ্যালারি পূর্ণ থাকবে, ‘প্রতিশ্রুতি দিতে পারি পাকিস্তানে খেলতে গেলে রুটদের মাঠের ভেতর ও বাহিরে বিশেষ খেয়াল রাখা হবে। তাদের দারুণ অভিজ্ঞতা হবে। সেখানে স্টেডিয়াম পরিপূর্ণ থাকবে প্রতি ম্যাচে।’

ইংল্যান্ড সর্বশেষ পাকিস্তান সফর করে ২০০৫-০৬ সালে। কিন্তু সম্প্রতি পাকিস্তানে টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএল খেলেছে অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডানরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত