দিনাজপুরের হাকিমপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক স্বপন হোসেন (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরোহী সোহেল রানা (৩২) আহত হয়েছেন। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হাকিমপুরের মহেশপুর ঘাট নামক ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন হোসেন বগুড়ার মহাস্থানগড়ের মথুরা গ্রামের মনিরুল ইসলামের ছেলে। আহত সোহেল রানা একই জেলার নুনগোলা কৃষ্ণপুর গ্রামের মাহফুজার রহমানের ছেলে।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সোমবার সন্ধ্যার দিকে বগুড়া থেকে সোহেল রানা ও স্বপন নামের দুই যুবক মোটরসাইকেল নিয়ে হিলিতে আসছিলেন। অপরদিকে হিলি থেকে কাঁচামরিচ নিয়ে একটি মিনিট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে হিলির মহেশপুর ঘাট নামক ব্রিজের পাশে মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক স্বপন হোসেন মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
