চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ওই তিনজন মারা যান।
তারা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের মৃত আফিল উদ্দীনের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালি (৬৫), কোর্টপাড়ার শামসুল আরেফিনের স্ত্রী নিগার সুলতানা (৪৬) ও শহরের মুক্তিপাড়ার মৃত নিয়াজ আলীর স্ত্রী মাজেদা খাতুন (৭০)।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, করোনার উপসর্গ নিয়ে কোর্টপাড়ার বাসিন্দা নিগার সুলতানা সোমবার রাতে ও মুক্তিপাড়ার মাজেদা খাতুন মঙ্গলবার সকালে সদর হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দুইজনকে করোনার হলুদ জোন ইউনিটে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তারা মারা যান।
এদিকে, শহরের কুলচারার বাসিন্দা চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালি করোনা আক্রান্ত হয়ে গত কয়েক দিন ধরেই দিন বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন।
মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালির বড় ছেলে উজ্জ্বল হোসেন জানান, দুপুরের পর তার বাবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অন্যদিকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের এক বার্তায় বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় জেলাতে নতুন আক্রান্ত হয়েছেন ১৯ জন।
সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, মঙ্গলবারের আক্রান্ত ১৯ জনসহ জেলাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৭ জন। মারা গেছে ২৩ জন।
