‘আশীর্বাদ’ এখন মাহি-রোশানের

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১০:৩৭ এএম

প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন মাহিয়া মাহি ও রোশান। মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তারা।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে ‘আশীর্বাদ’। কয়েক দিন আগে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। কিন্তু প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে জটিলতায় বাদ পড়েন তিনি। এর পর দৃশ্যপটে এলেন মাহি, সঙ্গে রোশান।

বুধবার দুই তারকা প্রযোজক জেনিফার ফেরদৌসের বাসায় চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

‘আশীর্বাদ’-এর গল্প প্রসঙ্গে পরিচালক মানিক বলেন, “আমাদের ছবির গল্প অটিজম ও মুক্তিযুদ্ধ নিয়ে। এতে মাহি ও রোশানের চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের চরিত্র বেশ চমকের।”

এর আগে মানিকের জান্নাত ও আনন্দ অশ্রুতে অভিনয় করেছেন মাহি। এর মধ্যে প্রথমটি ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৫টি বিভাগে পুরস্কার জিতেছে। দ্বিতীয়টি রয়েছে মুক্তির মিছিলে। দুই সিনেমাতেই মাহির নায়ক সাইমন সাদিক।

নির্মাতা আরও বলেন, “মাহি এর আগে আমার দুটি ছবিতে অভিনয় করেছে। সে ভালো অভিনেত্রী। ছবিতেও নতুন মাহিকে পাবেন দর্শকেরা। আর অন্যদিকে রোশানের সঙ্গে কাজ না করা হলেও তার অভিনীত ছবি দেখেছি আমি। সেও অনেক অভিনয় করে।”

‘আশীর্বাদ’ প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জেনিফার। সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত