সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের একদিন পর অফি (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের উদ্ধার করা হয়েছে।
উপজেলার পৌর সদরের মনিরামপুর-চাল মহল্লার বৃহস্পতিবার সকালে করতোয়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শিশু অফি বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সে শাহজাদপুর সরকারি কলেজছাত্র সংসদের সাবেক জিএস মেহদী হাসান টফির ছেলে ও শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত ওসমান গণির নাতি।
এ বিষয়ে নিহতর বাবা টফি জানান, বুধবার দুপুর ১২টার দিকে অফি বাড়ি থেকে বের হয়। এরপর ফিরে না আসায় তাকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে একটি বাসার সিসি ক্যামেরার ফুটেজে তাকে দরগাপাড়ার পীর সাহেবের ঘাটের দিকে হেঁটে যেতে দেখে সবাই সেখানে ছুটে যায়।
সেখানে গিয়ে তার পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে নদীর পানি ও আশপাশ এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায় না।
বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে স্থানীয়রা করতোয়া নদীর বাবু মিয়ার ঘাট এলাকায় তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। তার দ্রুত ছুটে গিয়ে সেখান থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। এ সময় তার স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, নিখোঁজের ঘটনায় তার পরিবার থেকে বুধবার রাতে একটি জিডি করেন। বৃহস্পতিবার লাশ উদ্ধারের পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
