ঢাকা-৫ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন হারুন-অর-রশীদ

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৯:২৭ পিএম

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র দাখিল করেছেন রাজনীতিক, সমাজসেবক ও ব্যবসায়ী নেতা হারুন-অর-রশীদ। 

বৃহস্পতিবার আওয়ামী লীগের পার্টি অফিসে ঢাকা-৫ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন তিনি।  এ সময় ঢাকা-৫ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ আসনের উপনির্বাচনে বিক্রি শুরুর দিন সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হারুন-অর-রশিদ।

এ আসনে মনোনয়নপ্রত্যাশী অন্য প্রার্থীরা হলেন- প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, ডেমরা থানার সভাপতি রফিকুল ইসলাম খান মাসুদ ও আমলিয়া মডেল টাউনের চেয়ারম্যান ব্যবসায়ী আতিকুর রহমান আতিক ও আওয়ামী লীগের উপকমিটির সদস্য নেহেরীন দিশা।

খোঁজ নিয়ে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশী অন্য অনেক নেতার চেয়ে এ আসনে দক্ষ-যোগ্য হিসেবে এগিয়ে আছেন হারুন। এলাকাবাসীর সঙ্গে কথা বলেও জানা গেছে তার এগিয়ে থাকার কথা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০ এবং ৬০-৭০ মোট ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের প্রবীণ সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ৬ মে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত