শিল্পাঞ্চল আশুলিয়ায় এক নারী শ্রমিককে চাকরির প্রলোভন দিয়ে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার সকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার থেকে অভিযুক্ত বখাটে মমিন ও রফিকুলকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
আটকরা হলো নাটোর জেলার সিংড়া থানা এলাকার মো. মমিন (২৫) এবং মানিকগঞ্জের সদর থানা এলাকার রফিকুল ইসলাম। এ ছাড়া ঘটনায় জড়িত আরিফ নামে এক বখাটে পলাতক রয়েছে।
ভুক্তভোগী নারী ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই নারী শ্রমিককে চাকরি দেওয়ার কথা বলে ফোনে ডেকে নিয়ে যায় তার পূর্বপরিচিত সহকর্মী মমিন। পরে তাকে কৌশলে আশুলিয়ার পলাশবাড়ি কাঠালতলা এলাকার হক ভিলার ৯ তলা ভাড়া বাসায় নিয়ে যায়। এ সময় সেখানে মমিনের দুই বন্ধু রফিকুল ও আরিফ মিলে ওই নারীকে আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণ করে। তারা বিষয়টি কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শুক্রবার সকালে বিষয়টি জানিয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে। এ ছাড়া দলবদ্ধ ধর্ষণের শিকার ওই নারীকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ভুক্তভোগী এক নারী শ্রমিকের লিখিত অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে এবং আরিফ নামে একজন পলাতক রয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তদের আদালতে পাঠানো হবে এবং ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হবে বলেও জানান তিনি।
