২১ আগস্ট নায়ক রাজ রাজ্জাকের তৃতীয় প্রয়াণ দিবসে নায়করাজের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিল্পী সমিতির সদস্যরা। শুক্রবার দুপুর ১২টার দিকে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সুব্রত, নায়ক ফরহাদ, জয় চৌধুরী নায়করাজের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানান।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, নায়করাজ ছিলেন আমাদের শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। তার প্রয়াণ দিনে শ্রদ্ধা জানাতেই আমরা শিল্পী সমিতির কয়েকজন ছুটে গিয়েছিলাম তার সমাধিস্থলে।’
শনিবার সকাল থেকে নায়করাজ রাজ্জাকের আত্মার শান্তি কামনায় শিল্পী সমিতিতে কোরআন খতমের আয়োজন করা হয়েছে, এবং বাদ আছর হবে মিলাদ ও তবারক বিতরণ। এমনটাই জানান জায়েদ খান।
প্রায় ৫০ বছরের অভিনয় জীবনে নায়করাজ প্রায় ৫০০টি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। ১৬টি চলচ্চিত্রের পরিচালক রাজ্জাকের মালিকানাধীন রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানার থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়। রাজ্জাক মোট পাঁচবার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সরকার ২০১৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন।
