সাতক্ষীরায় টানা বৃষ্টিতে বিভিন্ন বাঁধভাঙা অঞ্চল ফের প্লাবিত

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১২:৫৭ পিএম

সাতক্ষীরায় গত কয়েক দিনের টানা বর্ষণে বাঁধ ভাঙা প্রায় প্রতিটি এলাকা প্লাবিত হতে শুরু হয়েছে। এই বাঁধগুলো সব ভেঙে গিয়েছিল ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের সময়।

প্রতাপনগরের সঙ্গে আশাশুনি ও সাতক্ষীরার যোগাযোগের একমাত্র প্রধান সড়কটি ভেঙে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি হয়েছে। তার মধ্যে চলছে টানা বৃষ্টি, বিশেষ করে শুক্রবার সারা রাত বৃষ্টিতে পরিস্থিতি আরও ভারী করে তুলেছে।

প্রতাপনগরের সাবেক ইউপি সদস্য শেখ আজুয়ার রহমান বলেন, গতকাল শুক্রবারের টানা বর্ষণে সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের পাশাপাশি, শ্রীউলা ও শ্যামনগরের গাবুরায় পানি ঢুকতে শুরু করেছে। মানুষের দুর্দশা বর্তমানে চরমে। তবে গোটা প্রতাপনগরের পরিস্থিতি সব থেকে ভয়াবহ। মানুষের দুঃখ দুর্দশা সেখানে চরমে।

স্থানীয় গৃহবধূ আসমা খাতুন জানান, সেখানে পানি সরার কোনো পরিস্থিতি নেই। নদী, লোকালয় রাস্তা সবকিছু একাকার হয়ে গেছে। খাদ্য সংকটও দেখা দিয়েছে। মানুষের মতোই প্রাণীকুলের অবস্থা সংকটজনক। যেসব আশ্রয় কেন্দ্র ও সাইক্লোন শেল্টার ছিল তার নিচতলাও প্লাবিত হয়ে গেছে। ফলে নতুন করে সংকট আরও তীব্র হয়েছে।

image

স্থানীয় যুবলীগ নেতা মাহমুদ হাসান জানান, স্থানীয় মানুষকে প্রতাপনগর থেকে সরিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নে সরিয়ে নিতে না পারলে প্রাণহাণির মতো ঘটনা ঘটতে পারে বলে অনেকে জানিয়েছে। সাধারণ বহু মানুষ এলাকা ছেড়ে চলে যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে।

এদিকে টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা।

স্থানীয় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের উদ্যোগ নিল না। আজ মূলত তাদের গাফিলতির কারণেই এই সংকটের মুখোমুখি হলো গোটা ইউনিয়নবাসী।

এদিকে চরম মানবেতর পরিস্থিতি হলেও কীভাবে তিনি সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন তা ঊর্ধ্বতন কেউ দেখতেও আসেননি বলে অভিযোগ করেন।

পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমারের সঙ্গে বুধবার যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কাজ চলছে সেখানে। আমি দ্রুত সেখানে চলে যাবো।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, বিষয়টি প্রকৃতিগত সংকট। আমাদের কারও কোনো হাত নেই। তবে এটি নিয়ে কী করা যায় তার জন্য তিনি আশাশুনি সদরে ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বসেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত