গাজীপুরে ২ নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ৪ জন আটক

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৭:১১ পিএম

গাজীপুরের শ্রীপুরে দুই নারী পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার বিধাই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিধাই গ্রামের আবদুল বারেকের ছেলে শাহীনুর (৩০), একই গ্রামের আইয়ুব ঢালীর ছেলে কালাম (২৬), বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩০) ও আলিম হোসেনের ছেলে বাবু (১৮)। অভিযুক্তরা সবাই সিএনজি চালক।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেপ্তার শাহীনুরের সঙ্গে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার একটি পোশাক কারখানার নারী শ্রমিকের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শুক্রবার রাতে ওই নারী পোশাক শ্রমিককে শাহীনুর দেখা করার জন্য তার বাড়িতে মুঠোফোনে ডেকে নেয়। এ সময় ওই নারী পোশাক শ্রমিক তার অপর বান্ধবীকে নিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে আসলে শাহীনুর তার বন্ধু জাহাঙ্গীরকে নিয়ে তাদের জিম্মি করে পাশের শালবনের ভেতরে পরিত্যক্ত খামারে নিয়ে যায়। এরপর শাহীনুরের সঙ্গে আরও চার বন্ধু যোগ দেয়। পরে রাতভর ওই পোশাক শ্রমিক ও তার বান্ধবীকে পালাক্রমে ধর্ষণ করে তারা।

এ ঘটনায় শনিবার শ্রীপুর থানায় মামলা দায়ের করা হলে রবিবার ভোরে পুলিশ চার জনেক গ্রেপ্তার করে।

এ ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত