কুমিল্লার চৌদ্দগ্রামে গত রবিবার গভীর রাতে একটি কাভার্ড ভ্যান থেকে ২১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে র্যাব। তারা হলো– আরিফ মোল্লা (২৬) ও শাকিল খান (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে র্যাব-১১ সিপিসি-২-এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহ হলে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২১ হাজার ৩৫০টি ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার ৪০০ টাকাসহ ওই দুজনকে আটক করে র্যাব। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ নানা মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। র্যাব জানায়, তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলার প্রস্তুতি চলছে।
