চীনা বিতর্কিত আইনে হংকংয়ে দুই আইনপ্রণেতা গ্রেপ্তার

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৩:৩০ পিএম

হংকংয়ে চীনের আরোপ করা বিতর্কিত নিরাপত্তা আইনে একের পর গ্রেপ্তারের ঘটনা ঘটছে। বুধবার গ্রেপ্তার হলেন চীনা শাসিত অঞ্চলটির গণতন্ত্রপন্থী দুই জনপ্রতিনিধি।

ডয়চে ভেলে অনলাইন জানায়, ২০১৯ সালের জুলাই মাসের একটি বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করে।

এই দুই গ্রেফতার ঘিরে গোটা হংকং জুড়ে নতুন করে জনঅসন্তোষ দেখা দিয়েছে। একই দিনে বিক্ষোভে অংশ নেয়ায় গ্রেপ্তার করা হয়েছে আরও ১১ জনকে।

বুধবার সকালে বাড়ি থেকে দুই বিরোধী আইনপ্রণেতাকে তুলে নিয়ে যায় হংকং পুলিশ। গণতন্ত্রপন্থী দুই আইনপ্রণেতার নাম ল্যাম-চেউক-টিং এবং টেড হুই। দুইজনেই হংকং ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। 

২০১৯ সালের ৬ জুলাইয়ের বিক্ষোভ কর্মসূচিতে সরকারি সম্পত্তি ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে ল্যামের বিরুদ্ধে। যদিও ওই দিনের বিক্ষোভের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ল্যাম নিজেই সেদিন আক্রান্ত হয়েছিলেন।

ভিডিওতে দেখা যায়, সরকারপন্থী হোয়াইট শার্ট গুন্ডারা ল্যামকে ঘিরে ধরে মারছেন, এ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেসময়। ওই দিন ল্যামের উপর যারা হামলা চালিয়েছিল, তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি। বুধবার নিজের গ্রেপ্তারের খবর নিজেই টুইট করেছেন ল্যাম।

টেড হুইকে গ্রেপ্তার করা হয়েছে সরকারি সম্পত্তি ধ্বংস এবং প্রশাসনের কাজে বাধা দান করার জন্য। ৬ জুলাইয়ের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তাকেও গ্রেফতার করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ।

নিরাপত্তা আইনের সাহায্যে যে কাউকে আটক করছে হংকং পুলিশ। এর প্রতিবাদে কেউ রাস্তাতেও নামতে পারছেন না।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভিতরে ভিতরে আগুন বাড়ছে। একবার বিস্ফোরণ হলে তা সামলানো মুশকিল হবে। গত বছর ঠিক সে ঘটনাই ঘটেছিল।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর প্রতিবাদ করতে শুরু করেছেন। রাস্তায় নেমে আন্দোলন করলেই পুলিশ গ্রেপ্তার করবে বলে হংকং প্রশাসন জানিয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে গণতন্ত্রের পক্ষে কথা বললেও পুলিশ আটক করছে বলে বিরোধীদের অভিযোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত