আমিরাতে ধোনির দলে করোনার হানা

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১২:৪৭ পিএম

করোনাভাইরাসের ভয়ে সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল আয়োজনের যখন প্রস্তুতি চলছে তখন মাঠে বল গড়ানোর আগে পাওয়া গেল দুঃসংবাদ। কভিড-১৯ হানা দিয়েছে চেন্নাই সুপার কিংসে।

করোনায় আক্রান্ত দুবাইয়ে অবস্থান করা মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের একাধিক সদস্য। অবশ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড বা সিএসকের পক্ষ থেকে শুক্রবার রাত পর্যন্ত  নির্দিষ্ট করে জানানো হয়নি, কত জন আক্রান্ত হয়েছেন বা কারা কারা সংক্রমিত।

তবে আক্রান্তদের মধ্যে রয়েছেন এক ভারতীয় মিডিয়াম পেসার। এ ছাড়া কোচ, সহকারী কোচ, অন্যান্য সদস্য মিলিয়ে আক্রান্তের সংখ্যা অন্তত দশজন।

সিএসকে সূত্রের খবর, প্রত্যেকের দ্বিতীয় পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। শনিবারের মধ্যে যা হাতে আসার কথা। দ্বিতীয় ফলও পজিটিভ এলে নাম প্রকাশ করে হবে।

দুবাই এবং আবু ধাবিতে প্রত্যেকটি দল আলাদা হোটেলে অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকছে। এর পাশাপাশি নিভৃত বাসের জন্য আলাদা হোটেল ঠিক করা হয়েছে। আক্রান্তদের দ্রুত সেখানে সরানোর ব্যবস্থা হচ্ছে।

আইপিএল শুরু হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর থেকে। উদ্বোধনী ম্যাচেই চেন্নাইয়ের খেলার কথা মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত