বেশ কয়েক দিন কমতির দিকে থাকার পর সবশেষ চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রমণের উল্লম্ফন দেখল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্য। সেখানে প্রায় দুই মাস পর নতুন সংক্রমণ তিনের ঘরে পৌঁছেছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত একদিনে অস্ট্রেলিয়ায় ১১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন আক্রান্তের মধ্যে সবাই ভিক্টোরিয়ার। দুই মাসের মধ্যে এটাই সেখানে সর্বোচ্চ সংক্রমণ।
জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে। সেখানে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ চলছে অনেক দিন ধরে। ভিক্টোরিয়ার রাজধানীতে টানা ছয় সপ্তাহের লকডাউন চলছে।
রাজ্য সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাতে অস্ট্রেলিয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১১ জনে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে অস্ট্রেলিয়া এরই মধ্যে সাফল্যের পরিচয় দিয়েছে। আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা মাত্র ২৫ হাজারের মতো।
