ডুয়েটের জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষকদের মধ্যে থেকে ভিসি নিয়োগের দাবি

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৩:০১ পিএম

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষাবিদদের মধ্য থেকে ভাইস-চ্যান্সেলর হিসেবে মনোনয়নের দাবি জানিয়েছে ডুয়েটের শিক্ষক সমিতি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

বিবৃতিতে শিক্ষক সমিতির নেতারা বলেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, দেশের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান যা ২০০৩ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে এবং ইতিপূর্বে এই প্রতিষ্ঠানটি ১৯৮০ সাল থেকে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ ও তৎপরবর্তীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), ঢাকা নামে পরিচালিত হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় আট বছর পর্যন্ত যোগ্যতাসম্পন্ন অভ্যন্তরীণ জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষক থাকার পরেও অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়ে আসছিল।

২০১২ সালে প্রথমবারের মতো অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত অভ্যন্তরীণ একজন জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষককে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

পরবর্তীতে একই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার ২০১৬ সালেও বিশ্ববিদ্যালয়ের উক্ত জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষককে দ্বিতীয় মেয়াদে ভাইস-চ্যান্সেলর নিয়োগ প্রদান করেন, যার মেয়াদ গত ২৮ আগস্ট শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয় আইন-২০০৩ অনুযায়ী দুই বারের বেশি একই শিক্ষকের ভাইস-চ্যান্সেলর হবার সুযোগ নাই এবং একই আইনের অনুচ্ছেদ ১০(১) -এ বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষাবিদকে ভাইস-চ্যান্সেলর হিসেবে মনোনয়ন প্রদান করা হবে মর্মে উল্লেখ আছে।

তাই নিশ্চিতভাবে অত্র বিশ্ববিদ্যালয়ে একজন নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মতৎপরতা শুরু হয়েছে।

অত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষাবিদদের মধ্যে যোগ্য প্রার্থী থাকা স্বত্বেও বাছাই প্রক্রিয়ায় অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভাইস-চ্যান্সেলর প্রার্থী হিসেবে দীর্ঘকাল পরে পুনরায় বিবেচনার বিষয়টি উদ্বেগজনক এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থের পরিপন্থী বলে শিক্ষক সমিতি মনে করে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমসহ চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সুচারু বাস্তবায়নের স্বার্থে অভ্যন্তরীণ জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষাবিদগণের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ভাইস-চ্যান্সেলর মনোনয়ন ব্যতীত অন্য কোনো প্রকার সিদ্ধান্ত হলে শিক্ষক পরিবার তথা সকল স্তরের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত