আরটিপিসিআর পরীক্ষা বন্ধ করব না : জাফরুল্লাহ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০২:১৯ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকলেও গণস্বাস্থ্য কেন্দ্রে আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার চালু রাখবে বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে দেশ রূপান্তরকে তিনি এ কথা জানান। 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা পরীক্ষা বন্ধ করব না। স্বাস্থ্য অধিদপ্তর পারলে হাসপাতালে অভিযান চালাক। দেশের জনগণ দেখুক স্বাস্থ্য অধিদপ্তর গণস্বাস্থ্যের সঙ্গে কেমন আচরণ করছে।’

তিনি বলেন, ‘আমরা ১২ আগস্ট প্লাজমা সেন্টার উদ্বোধন করার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছিলাম। তারা তখন কিছু বলেনি। এখন হঠাৎ করে আরটিপিসিআর পরীক্ষা ও প্লাজমা সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাদের এ নির্দেশ পালন করা সম্ভব নয়। কারণ করোনা টেস্ট ও প্লাজমা সেন্টার করার মতো পর্যাপ্ত জনবল আমাদের আছে।’

এর আগে দুপুরে গণস্বাস্থ্যের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ দেশ রূপান্তরকে জানিয়েছিলেন ঝামেলা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গণস্বাস্থ্য নগর হাসপাতাল আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ রেখেছে।

গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফোন করে করোনা টেস্ট ও প্লাজমা সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত