করোনা ভ্যাকসিনের অনুমোদনের ঘোষণা দিয়ে সেটি জাতীয়ভাবে ব্যবহারের একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে রাশিয়া। রাজধানী মস্কোর তিনটি ক্লিনিকের বহির্বিভাগ রোগীদের জন্য ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনের প্রথম চালান পাঠানো হয়েছে।
মস্কোর ডেপুটি মেয়র আনস্তাসিয়া রাকোভাকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সামনের সপ্তাহ থেকে ক্লিনিকগুলোতে শুরু হবে অনুমোদন পরবর্তী ট্রায়াল।
ডেপুটি মেয়র জানান, ভ্যাকসিনগুলো সুনির্দিষ্ট অনুকূল পরিবেশে বিশেষ ফ্রিজে রাখা হয়েছে। আজ থেকেই মস্কোর বাসিন্দারা এ পরীক্ষায় অংশ গ্রহণে আবেদন করে প্রথমে এ ভ্যাকসিন নিতে পারবেন।
ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদনে ক্লিনিকগুলোর চালানো এ পরীক্ষা কার্যক্রম রাশিয়ার স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় স্বীকৃতিপ্রাপ্ত। এ কর্মসূচির আওতায় ভ্যাকসিন দেয়ার পর বিশেষজ্ঞরা সম্ভাব্য লক্ষণগুলো নির্ধারণে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করবেন। অংশগ্রহণকারীদের ছয় মাস ধরে নিয়মিত মেডিকেল পর্যবেক্ষণে রাখা হবে।
মেয়র বলেন, ‘মস্কো সরকার ও গামেলিয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট কভিড-১৯ মোকাবিলায় ভ্যাকসিনের অনুমোদন পরবর্তী ট্রায়াল নিবন্ধনে অংশ নিতে রাজধানীর বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়েছে। এ কর্মসূচির আওতায় ৪০ হাজার মানুষকে যোগ করা হবে। বিনা মূল্যে সবাইকে টিকা দেয়া হচ্ছে।’
এ কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের জন্য প্রেগনেন্সি পরীক্ষার ফলাফল অবশ্যই নেগেটিভ হতে হবে এবং যেসব পুরুষ এতে অংশ নিতে যাচ্ছেন তারা পরবর্তী তিন মাস সন্তান জন্ম দেয়ার চেষ্টা করতে পারবেন না।
