করোনাভাইরাসে বিশ্বের যে কয়টি দেশ বেশি ভুগছে মেক্সিকো এর অন্যতম। প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। অবস্থা এমন পর্যায়ে ঠেকেছে যে, কয়েকটি অঙ্গরাজ্যে ফুরিয়ে যাচ্ছে মৃত্যু সনদ লেখার ফরম।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন আগে থেকেই তিনটি অঙ্গরাজ্য বাজা ক্যালিফোর্নিয়া, স্টেট অব মেক্সিকো ও মেক্সিকো সিটিতে ফেডারেল সরকারের দেওয়া মৃত্যু সনদের ফরম ফুরিয়ে আসা শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যু সনদের জন্য ১০ লাখ নতুন ফরম প্রিন্ট করা হয়েছে এবং বিতরণ করা হয়েছে। এবারের ফরমগুলোতে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। অতীতে মৃত্যু সনদ নিয়ে জালিয়াতির ঘটনা ঘটেছে; তা এড়ানোর জন্যই এবার জুড়ে দেওয়া হয়েছে বিশেষ বৈশিষ্ট্য।
করোনাভাইরাসের কারণে রীতিমতো পর্যুদস্ত হয়ে পড়েছে মেক্সিকো। প্রায় ৬৭ হাজার মৃত্যু নিয়ে বৈশ্বিক মৃত্যুর তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি।
আক্রান্তের তালিকায়ও শীর্ষ পর্যায়ে রয়েছে মেক্সিকো। ৬ লাখ ২৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান এখন অষ্টম।
