হাসপাতালে প্রেম, সুস্থ হয়ে ৫৫ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ৭০-এর বৃদ্ধ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০১:২৩ এএম

ভালবাসার কোনও বয়স হয় না। সে কথা আবারও প্রমাণ করলেন ভারতের মধ্যপ্রদেশের এক ৭০ বছরের এক বৃদ্ধ ও ৫৫ বছরের এক বৃদ্ধা।

হাসপাতালে ভর্তি থাকার সময় তাদের মধ্যে প্রেম হয়। তার পর পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে।

মধ্যপ্রদেশের অশোকনগর জেলার একটি হাসপাতালে কিছু দিন আগে ভর্তি হয়েছিলেন উমরাও সিংহ ও গুড্ডিবাই। হাসপাতালের ওয়ার্ডে দু’জনের শয্যা ছিল পাশাপাশি। চিকিৎসার জন্য অনেক দিন ভর্তি থাকতে হয়েছিল দু’জনকেই। এক সঙ্গে কেটেছিল অনেকটা সময়। সেখান থেকেই গড়ে ওঠে সখ্যতা। 

হাসপাতাল থেকে ছাড়া পেলে গুড্ডিবাইকে নিজের গ্রামে নিয়ে যান উমরাও। সেখানে নিজের ছেলেদের সব কথা বলেন। তার পর তাদের সম্মতিতেই আয়োজন হয় বিয়ের।

উমরাওয়ের চার ছেলে ও ১২টি নাতি-নাতনি রয়েছে। তার স্ত্রী তিন বছর আগে মারা গিয়েছেন।

উমরাওয়ের বাড়ি ভুরাখেদিতে আয়োজন করা হয় বিয়ের। বেশ ধুমধাম করেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। সেই বিয়েতে বেজেছে বাজনা, ফেটেছে বাজি। সোনালি রঙের পাঞ্জাবিতে উমরাও ও বাদামি রঙের শাড়িতে গুড্ডিবাইকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন আমন্ত্রিত গ্রামবাসীরাও।

সূত্র: আনন্দবাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত