নেত্রকোনায় আদালত প্রাঙ্গণে প্রেমঘটিত কারণে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু আহত হয়েছেন।
গতকাল রবিবার দুপুরে জজ কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আজাহারুল ইসলামকে (২৫) প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজাহারুল পূর্বধলা উপজেলার ভুগী গ্রামের বাসিন্দা এবং তিনি জমিসংক্রান্ত মামলায় গতকাল আদালতে গেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বন্ধু রবিউল আলম বিজয় (২৩) নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। ছুরিকাঘাতের ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণ থেকে রবিউলকে স্টেইনলেস স্টিলের রক্তমাখা ছুরিসহ হাতেনাতে আটক করে পুলিশ।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন জানান, এক মেয়ের মোবাইল নাম্বার দেওয়াকে কেন্দ্র করে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাত করা হয় বলে আটক বিজয় জানিয়েছে।
