প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদকে সঙ্গে নিয়ে রংপুরের পল্লী নিবাসে প্রবেশ করেছেন তার সাবেক স্ত্রী বিদিশা।
সোমবার দুপুর ২টায় তিনি সিলভার কালারের একটি কারে সৈয়দপুর বিমানবন্দর থেকে পল্লী নিবাসে নামেন।
এ সময় পল্লী-নিবাসের ভেতরে থাকা এরশাদের ছবিতে চুমু দিয়ে কাঁদতে থাকেন এরিক এরশাদ। সাদা রঙের জামদানি শাড়ি পরিহিত বিদিশা এ সময় তাকে সান্ত্বনা দেন।
পরে তিনি ভবনের নিচে এরশাদের ছবির নিচে কিছুক্ষণ অপেক্ষা করেন। ৫ মিনিট অপেক্ষা পর তিনি এরশাদের নির্মিত ভবনের উপরে যান। প্রয়াত রাষ্ট্রপতির কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
এ সময় তার সঙ্গে ছিলেন এরশাদ কল্যাণ ট্রাস্টের পরিচালনা মণ্ডলীর সদস্য এরিক এরশাদের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট কাজি রুবায়েত হাসান, বিএনএ-এর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশার একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব, ডিএনএ’র মুখপাত্র মোস্তাফিজার রহমানসহ অনেকে।
তবে কী কারণে তাদের হঠাৎ রংপুরে আসা তার সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে জাপার অনেক নেতার কাছ থেকেও সঠিক কারণ জানা যায়নি।
রংপুরে বিদিশা আসার ঘটনায় স্হানীয় জাপা নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। তবে এ ব্যাপারে জাপা মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমানের সঙ্গে কথা বলার জন্য ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল ধরেননি।
আর বিদিশা তার রংপুরে আসার কারণ পরে জানাবেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন।
