গ্রিসের লেসবস দ্বীপে অবস্থিত অভিবাসীদের সবচেয়ে বড় ক্যাম্প মোরিয়ায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে পুরো ক্যাম্পটি পুড়ে গেছে বিবিসি’র খবরে বলা হয়েছে।
ক্যাম্প থেকে সকল অভিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। দশটি ইঞ্জিন নিয়ে প্রায় ২৫ জন কর্মী আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যেসব অভিবাসীরা করোনাভাইরাস প্রতিরোধ নিয়ম ভাঙার জন্য প্রতিবাদ জানিয়ে আসছিল তারাই হয়তো আগুন লাগিয়েছে। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
লেসবসের মিটিলেন শহরের দিকে আগুয়ান অভিবাসীদের ঘিরে রেখেছে পুলিশ। ফলে তাদের রাস্তায় খোলা আকাশের নিচেই থাকতে হয়েছে।
জানা গেছে, মোরিয়া ক্যাম্পে সাধারণত যে সংখ্যক অভিবাসী থাকতে পারে সে তুলনায় বর্তমানে চারগুণ অবস্থান করছিল।
ইনফো মাইগ্রেন্টের তথ্যানুযায়ী, ক্যাম্পের প্রায় ৭০ শতাংশ অভিবাসী প্রত্যাশীই ছিল আফগানিস্তানের। তবে সেখানে ৭০টির বেশি দেশের মানুষের অবস্থান রয়েছে।
লেসবনের ডেপুটি গভর্নর অ্যারিস হাতসিকোমনিনোস স্থানীয় একটি রেডিওকে জানিয়েছেন, আগুনে ক্যাম্পটি ‘পুরোপুরি ধ্বংস হয়ে’ গেছে। বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন তিনি।
পুরো ক্যাম্পটি পুড়ে গেছে বলে বিবিসিকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থানাসিস ভলগারাকিস, “এখন আমি প্রথম দৃষ্টিতে দেখতে পাচ্ছি, কয়েকটি তাঁবু ভালো অবস্থায় আছে। কিন্তু ক্যাম্পের বাকি তাঁবুগুলো পুড়ে গেছে।”
গত সপ্তাহে ক্যাম্পটিতে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেখানে কোয়ারেন্টাইন বিধি আরোপ করা হয়। ক্যাম্পটির বাসিন্দাদের মধ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ জন।
