সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতার ভবন রক্ষায় ১০ ফুট বাঁকা ড্রেন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪১ পিএম

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমানের বহুতল ভবন রক্ষা করতে আরসিসি ড্রেন কমপক্ষে ১০ ফুট বাঁকা করা হয়েছে। সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের এ রাস্তায় ড্রেনের সব অংশ সোজা, তবে শুধু আওয়ামী লীগ নেতার ভবন রক্ষায় বাঁকা ড্রেন নিয়ে চরম ড়্গোভ প্রকাশ করছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় ডিএনডি খালের সৌন্দর্যবর্ধনে ৬৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে আরসিসি ড্রেনসহ বিভিন্ন প্রকল্পের নির্মাণকাজ শুরু করা হয়েছে। গোদনাইল ভাঙ্গারপুল থেকে শিমরাইল পর্যন্ত আনুমানিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ডিএনডি খালের পশ্চিম পাশে ড্রেন নির্মাণের জন্য সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমানের বহুতল ভবন রক্ষা করতে ড্রেনটি রাস্তার অংশে ১০ ফুট বাঁকা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন দেশ রূপান্তরকে বলেন, প্রকল্পটি সহকারী প্রকৌশলী মশিউর রহমান দেখছেন। তার সঙ্গে কথা বলেন।

এরপর সহকারী প্রকৌশলী মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি আমার জানা নেই। এটি দেখভাল করছেন উপসহকারী প্রকৌশলী সুমন দেবনাথ। তবে সুমন দেবনাথকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান স্টারলাইট সার্ভিসেস লিমিটেড ও মেসার্স উদয়ন বিল্ডার্সের প্রতিনিধি কামরুল হাসান বাবু বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের দেওয়া সীমানা দেখেই ইঞ্জিনিয়ারের দেখানো মতে কাজ করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত