লোহাগড়ায় মানববন্ধন

পর্বতারোহী রত্না হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১২:০২ এএম

নড়াইলের মেয়ে পর্বতারোহী ও সাইক্লিস্ট রেশমা নাহার রত্নাকে মাইক্রোবাসচাপায় হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়েছে স্মারকলিপি।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সাংসদ শেখ হাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, লক্ষ্মীপাশা বাজার বণিক সমিতির সভাপতি বিএম লিয়াকত হোসেন, যুবলীগ নেতা ছদরউদ্দীন শামীম, নিহতের বড় ভাই সেলিম শিকদার প্রমুখ।

গত ৭ আগস্ট সকালে ঢাকার চন্দ্রিমা উদ্যানসংলগ্ন সড়কে মাইক্রোবাসচাপায় নিহত হন নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামের আফজাল হোসেন শিকদার বীর বিক্রমের ছোট মেয়ে পর্বতারোহী ও শিক্ষক রেশমা নাহার রত্না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত