স্মার্টফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রের ‘আত্মহত্যা’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১০:১১ পিএম

গাজীপুরের বাসনে স্মার্টফোন কিনে না দেওয়ায় জিহাদুল ইসলাম শাফায়েত (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা জানিয়েছেন।

শুক্রবার রাতে স্থানীয় ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জিহাদ ওই এলাকার রফিকুল ইসলাম জীবনের ছেলে। স্থানীয় ইন্ডিপেন্ডেন্ট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।

স্বজনদের বরাত দিয়ে বাসন থানার এসআই ইব্রাহিম খলিল জানান, স্মার্টফোন কিনে দিতে গত কয়েক দিন ধরে বাবা-মায়ের কাছে বায়না ধরে জিহাদ। কিন্তু তাকে ফোন কিনে দিতে অস্বীকৃতি জানায় তারা। গত শুক্রবার সন্ধ্যার পর পুনরায় বায়না ধরলে জিহাদকে বকাঝকা করে তার মা শীলা আক্তার। পরে রাত ৯টার দিকে খাবার খাওয়ার জন্য জিহাদকে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ পাননি তিনি। এ সময় পাশের কক্ষে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় ছেলেকে দেখতে পান। পরে জিহাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত