গত ফেব্রুয়ারিতে গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘হায়েনা এক্সপ্রেস’ নামের অ্যালবাম নিয়ে হাজির হয়েছিল ব্যান্ড সোনার বাংলা সার্কাস। লকডাউনের কারণে প্রকাশনা অনুষ্ঠান না করতে পারায় লাইভ কনসার্টের মাধ্যমে এবার ব্যান্ডটি অ্যালবামের গানগুলো আলাদা আলাদা করে প্রকাশ করছে।
ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, ‘‘লকডাউনের কারণে আমরা ‘সোনার বাংলা সার্কাস’ কোনো প্রকাশনা কনসার্ট করতে পারিনি, তারই বিকল্প হিসেবে আমাদের এই ‘লাইভ সার্কাস’। কোনো দর্শক ছাড়া লাইভ কনসার্টের মতো এক টেকে সব ভিডিও, অডিও রেকর্ডিং, আনকাট ভিডিও, অডিও কোনো ওভারডাব নেই। ধীরে ধীরে অন্য গানগুলোও এভাবে প্রকাশ করবো।’
এই লাইভ সার্কাসের প্রথম গান প্রকাশ উপলক্ষে ১১ সেপ্টেম্বর ব্যান্ডটির ইউটিউবে ‘হায়েনা এক্সপ্রেস লাইভ’ করা হয়।
সোনার বাংলা সার্কাসের সদস্যরা হলেন- ভোকাল প্রবর রিপন, গিটারিস্ট শ্বেত পান্ডুরাঙ্গা ব্লুমবার্গ, ড্রামার দেওয়ান এনামুল হাসান রাজু, বেজ গিটারিস্ট শাকিল হক এবং কিবোর্ডিস্ট সাদ চৌধুরী।
জানা যায়, ২০১৮ সালের মে মাসে সোনার বাংলা সার্কাস গঠিত হয়। হায়েনা এক্সপ্রেস একটি কন্সেপচুয়্যাল অ্যালবাম, যা মানুষের আধ্যাত্মিক প্রতিধ্বনি, মানবিক অনুভূতি ও অবস্থার মধ্যে ভ্রমণকে প্রকাশ করেছে।
অ্যালবামটির মধ্য দিয়ে শ্রোতারা এই গ্রহে মানবজাতির জীবনযাত্রার বিভিন্ন মানসিক পর্যায়ের মধ্য দিয়ে যাওয়ার ধারণা পাবেন। অ্যালবামের ৯টি ট্রাকের মধ্যে একটি হৃদয়গ্রাহী গল্প বর্ণনা করা হয়েছে।
