নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে বালুবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে দুই মোটরসাইকেল সংঘর্ষে এক আরোহী নিহত হয়েছেন।
রবিবার দুপুর ১টার দিকে উপজেলার ওই মহাসড়কের শুকনাকুড়ি ব্রিজের অদূরে শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া (৪২) উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর টেংবাড়ি গ্রামের রহমত আলী ছেলে।
আহত তিনজন একই গ্রামের বাসিন্দা হিরন মিয়া, শহিদ মিয়া ও রুবেলা মিয়া। তারা দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে চারজনে দুটি মোটরসাইকেল করে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়ক দিয়ে জারিয়া দিকে যাচ্ছিলেন।
এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাককে সাইড দিয়ে গিয়ে দুটি মোটরসাইকেলে সংঘর্ষ বাঁধে।
এতে এক মোটরসাইকেলের আরোহী সুজন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালের সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ-আলম ঘটনাস্থলেই সুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং তাদের প্রাপ্ত প্রতিবেদনের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
