যৌতুক দাবি করায় কলেজশিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৫ পিএম

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আল-আমিন মাঝির বিরুদ্ধে নিজ কলেজের এক ছাত্রীকে বিয়ে করে পাঁচ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় ছাত্রী মনিরা ইয়াসমিন বাদী হয়ে আজ রবিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিচারক এ.এইচ.এম ইমরানুর রহমান আসামি আল-আমিন মাঝির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

আল-অমিন মাঝি নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের মো. তৈয়বুর রহমান মাঝির ছেলে। তিনি চার বছর আগে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে গণিতের প্রভাষক পদে যোগদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাস করার পরে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে প্রভাষক আল আমিন।

বিয়ের এক বছর যেতে না যেতেই ওই ছাত্রীর পরিবারকে পাঁচ লাখ টাকা যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ শুরু করেন এবং গত ২৭ মার্চ ছাত্রীকে তার বাবার বাড়িতে টাকা নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়া হয়।

ছাত্রীর মা ও আত্মীয় স্বজন আল-আমিনকে বাড়িতে এনে গত ৪ সেপ্টেম্বের যৌতুকের দাবি পরিহার করে ঘর সংসার করার অনুরোধ জানান। কিন্তু পাঁচ লাখ টাকা যৌতুক না দিলে বাবার বাড়ি থেকে তার স্ত্রীকে আর ফিরিয়ে নেওয়া হবে না বলেও জানিয়ে দেন প্রভাষক আল আমিন মাঝি।

বাদীর আইনজীবী আক্কাস সিকদার বলেন, আদালত যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত