মোহাম্মদপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০২:২৬ পিএম

রাজধানীর মোহাম্মদপুর কাদিরাবাদ হাউজিং এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নুরজাহান বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

এই ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। সোমবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. আমির হোসেন জানান, তারা মোহাম্মদপুর পশ্চিম কাঁটাসুর এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। বাসা থেকে পায়ে হেঁটে নুরজাহান বেগম কাদিরাবাদ হাউজিংয়ের বাজারে যাচ্ছিলেন। তখনই রাস্তা পার হবার সময় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মাদপুর থানায় জানানো হয়েছে। প্রাইভেটকারটি থানা পুলিশ জব্দ করেছে, তবে এর চালক পালিয়ে গেছে বলে জানতে পেরেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত