সিসিইউতে সম্রাট, চিকিৎসায় ১৫ সদস্যের মেডিকেল বোর্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৪১ পিএম

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার জন্য ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

 রবিবার রাতে সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বলেন, সম্রাট মোটামুটি আছেন, তবে তার বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। তার হৃৎপিণ্ডে বাল্ব লাগানো হয়েছে, রয়েছে ‘রিদম ডিস্টার্বনেস’।

তিনি জানান, সম্রাট হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. মহসিন আহমেদের অধীনে চিকিৎসাধীন। তার চিকিৎসায় ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযানে ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে প্রথম গ্রেপ্তার করা হয়। পরে তাকে যুবলীগ থেকে বহিষ্কারও করা হয়।

এর পরপরই সম্রাট ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। একই বছরের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব। একই সঙ্গে তার সহযোগী ও মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকেও গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত