ইলিশ পাঠানোর দিনেই ভারত কর্তৃক পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত অমানবিক আচরণের বহিঃপ্রকাশ। কোনো সৎ ও বন্ধুপ্রতিম প্রতিবেশী হঠাৎ করে এই ধরনের পদক্ষেপ নিতে পারে না। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ যখন ভারতে ইলিশ মাছ রপ্তানির সুযোগ করে দিয়েছে তখন এই ধরনের ঘোষণা বন্ধুত্বের নিদর্শন নয়।
সাইফুল হক বলেন, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা ভারতের চাপ সৃষ্টি করার কোনো কৌশল কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। গত বছরও ভারত আকস্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে কষ্টের মধ্যে ঠেলে দিয়েছিল। এবারও কোনো ইঙ্গিত ছাড়া তারা একই কাজ করল, যা মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের আমদানিকারকদের পেঁয়াজ ভর্তি অনেকগুলো ট্রাক-লরি সীমান্তের ওপারে আটকা আছে। এখানকার আমদানিকারকদের সঙ্গে চুক্তি অনুযায়ী আরও পেঁয়াজ বাংলাদেশে ঢোকার কথা। তিনি চুক্তিকৃত পেঁয়াজ রপ্তানিতে বাঁধা না দেবার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশে যে পেঁয়াজ মজুত রয়েছে তাতে আগামী পেঁয়াজ মৌসুমের আগে পর্যন্ত বড় কোন সমস্যা হওয়ার কথা নয়। হিসেব করে খরচ করলে বিশাল পরিমাণ পেঁয়াজ আমদানি করারও প্রয়োজন হবে না।
তিনি ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপের সুযোগ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে যাতে অস্বাভাবিক হারে পেঁয়াজের দাম বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে শুরু থেকেই কঠোর থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
