নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলামকে বদলির আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নেত্রকোনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লা। সোমবার এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. আব্দুল আলীম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নেত্রকোনার কলমাকান্দার উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলামকে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় বদলি করা হলো। বুধবার বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করবেন। অন্যথায় বৃহস্পতিবার থেকে তিনি তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছেন বলে গণ্য হবেন। তবে চিঠিতে বদলির কারণ উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, নেত্রকোনা জেলা পরিষদের সদস্য ইদ্রিছ আলী তালুকদার কলমাকান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও ওই কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর খান মো. সারোয়র ইবনে হাবিবের (মিল্টন) বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির উল্লেখ করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন।
দৈনিক দেশ রূপান্তরে গত শনিবার ‘শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ’ শিরোনামে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন নিয়ে উপজেলায় সকল শিক্ষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লা কলমাকান্দার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির (স্ট্যান্ড রিলিজ) সত্যতা নিশ্চিত করে বলেন, মিল্টনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। তাকেও বুধবার বদলির আদেশ জারির কথা জানান।
তিনি আরও বলেন, বদলির আদেশের প্রাপ্ত অভিযোগের তদন্ত কার্যক্রম চলবে।
