আশুলিয়ায় সন্ত্রাসীদের গোলাগুলি: আতঙ্কে এলাকাবাসী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:১০ পিএম

সাভারের আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে একটি শ্রমিক কলোনীতে প্রকাশ্যে কয়েক ঘন্টাব্যাপি তান্ডব চালিয়ে ভাংচুর ও নগদ চার লাখ টাকাসহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুটপাট করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিন হামলাকারীকে আটক করেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক ফারমান হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার সকালে আটক রশিদ ব্যাপারীকে প্রধান আসামি করে অজ্ঞাত পরিচয় আরও চল্লিশ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত আশুলিয়ার টঙ্গাবাড়ি মধুপুর এলাকার ওসমান আলীর বাড়িতে এ তান্ডব চালায় সন্ত্রাসীরা। 

আটককৃতরা হলেন, টঙ্গাবাড়ি এলাকার আব্দুর রশিদ ওরফে রইশা (৪০), রাশেদ (৩৫) এবং মো. কাওছার (৩০)।

এদিকে প্রকাশ্যে এমন তান্ডব চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনায় বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসীদের মারধরে শ্রমিক কলোনী ও আশপাশের অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সন্ত্রাসীদের এমন তান্ডবে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। 

এলাকাবাসীরা জানায়, আশুলিয়ার টংগাবাড়ি এলাকার মৃত ওসমান হাজীর ছেলে ফারমান হোসেন তার ১৩ শতাংশ জমিতে প্রায় চল্লিশটি কক্ষ তৈরী করে দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। একই এলাকার রশিদ ব্যাপারী ওই ১৩শতাংশ জমি নিজেদের বলে দাবি করে আসছিল। একপর্যায়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রশিদ ব্যাপারী ৪০ থেকে ৫০ সদস্যের একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ওই শ্রমিক কলোনিতে হামলা চালায়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এর পর শ্রমিক কলোনীর ভাড়াটিয়াদের বের করে দিয়ে ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর করে এবং দোকান থেকে নগদ চার লাখ টাকাসহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুটপাট করে। লুটের ঘটনায় বাধা দিতে গেলে ওই বাড়ির অন্তত দশজনকে পিটিয়ে গুরুতর আহত করে। 

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রশিদ ব্যপারী, রাশেদ ব্যাপারী ও কাওসার ব্যাপারীসহ তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। 

বাড়ির মালিক ওসমানের ছেলে ফারমান হোসেন নিলয় অভিযোগ করেন, স্থানীয় রশিদ ওরফে রইশার নেতৃত্বে রাশেদ, কাউসার, খোরশেদ, সাগর, রিপনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী বুধবার দুপুরে আমাদের শ্রমিক কলোনীতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাদের ৬০-৭০টি ঘর ভাংচুর করে লুটপাট চালায়। এতে আমার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। 

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় হামলা ও ভাংচুর করার অভিযোগে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক বাদি হয়ে বৃহস্পতিবার সকারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত