ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে নারীসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে ঝিনাইদহে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের আবদুল মান্নান শেখের ছাগল প্রতিবেশী হাফিজ শেখের কপি ক্ষেত খায়। এ নিয়ে বিকেলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আটজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, সংঘর্ষ এড়াতে বর্তমানে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
