শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ছোট ভাই শরীয়তপুর পৌর আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মুন্সীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌরসভার পালং উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
মামলার এজাহার ও বাদীর পরিবার সূত্রে জানা যায়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জাজিরা উপজেলার বর্তমান চেয়ারম্যান মোবারক আলী সিকদার। স্বতন্ত্র প্রার্থী ছিলেন মামলার আসামি হেমায়েত উল্লাহ আওরঙ্গ। আওরঙ্গের পক্ষে ছিল আওয়ামী লীগের স্থানীয় একটি পক্ষ। ৫ অক্টোবর হাবিবুর রহমানের শহরের বাসভবনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সভা চলছিল। ওই সভায় হামলায় হাবিবুর রহমান ও তার ভাই মনিরুজ্জামান মুন্সী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় হাবিবুরের স্ত্রী জিন্নাত হাবিব ৫৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
