রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫ কিমি পাইপ উচ্ছেদ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:১৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাঁচ কিলোমিটার পাইপ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তারাবো পৌরসভার বরপা ও মাসাবো এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান চলে। সংযোগ বিচ্ছিন্ন করার সময় বাধা দিলে নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ মাসাবো এলাকার শিমুল মিয়ার স্ত্রী শেফালী বেগম, একই এলাকার আবদুর রহমানের ছেলে মীর হোসেন ও আবদুর রশীদের ছেলে শামীম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান জানান, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত তারাবো পৌরসভার বরপা ও মাসাবো এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়ে পাঁচ কিলোমিটারের চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ ছাড়া ভাই ভাই বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস কর্তৃপক্ষ মাসাবো এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বাধা প্রদান করায় তিনজনকে ৬ ও ৪ মাস এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত মাসাবো এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী বাধা প্রদান করেন। এ সময় এলাকাবাসীর মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে রূপগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নুসরাত জাহান ৭ দিন সময় দেন। সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা প্রদান করায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার উপব্যবস্থাপক বরুণ কুমার রায়, প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, সহকারী ব্যবস্থাপক সরোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী তানভীর হাসান, জহিরুল ইসলাম, খইয়ুম ব্যাপারী, ফারুক হোসেন, ওয়াদুদ মিয়া, হাফিজ, প্রদীপ বিশ্বাসসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত