লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন করে এবং একই সঙ্গে ৩০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করতে পারবে বলে জনিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এর আগে গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদার ব্যক্তিগত উদ্যোগে ৬৫ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মো. আবদুল গাফফার, পৌরসভার মেয়র আবু তাহের ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। এদিন লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে অনুদানের ৯৮ লাখ টাকার চেক হস্তান্তর করেন গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা।
